কার্গো ব্যবস্থাপনা দ্রুত ও হয়রানিমুক্ত করা হবে— বিমান মন্ত্রী

ঢাকা : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেছেন, কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী রবিবার (৫ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে এ কথা বলেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়ম অনুসরণ করে দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ইএ ২০২ ফ্লাইটের (ইড়বরহম ৭৮৭-৯) কারিগরি ত্রুটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে উক্ত বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল। পরবর্তীতে বিমানটিকে সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।