ন্যায্য অধিকার চান সিসিসিআই যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী দীর্ঘ চাকরি জীবনে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে অবসরের পূর্বে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি সিসিসিআই প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদন সূত্রে জানা যায়, নুরুল আবছার চৌধুরী ১৯৯৩ সালে চট্টগ্রাম চেম্বারে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে সুদান ও সৌদি আরবে বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জনের পর ২০০১ সালে পুনরায় সহকারী সচিব হিসেবে সিসিসিআইতে পত্রিকা বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ দেন। এরপর ২০০৫ সালে উপসচিব এবং ২০১০ সালে যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন।
তবে গত ১৫ বছর ৫ মাসধরে একই পদে দায়িত্ব পালনকরলেওতাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
আবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সাল থেকে এবং বিশেষ করে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চেম্বারে সচিবের পদ শূন্য থাকায় তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এ দায়িত্ব পালনের জন্য তাকে কোনো আর্থিক সুবিধা বা পদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, ২০০৮ সালে যোগ দেওয়া এক প্রকৌশলীকে বিধি বহির্ভূতভাবে মাত্র দুই বছর ১ মাসের ব্যবধানে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।
এছাড়া, ২০২৫ সালের ২৭ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হলেও সিসিসিআই কর্তৃপক্ষ তা এখনো বাস্তবায়ন করেনি।
আগামী ১৯ জুন ২০২৬ তিনি ৬০ বছরপূর্ণ করে অবসরে যাচ্ছেন। অবসরের পূর্বে অতিরিক্ত সচিব ও মহাসচিব পদে পদোন্নতি এবং বকেয়া পাওনা (এরিয়ার) পরিশোধের জন্য তিনি বর্তমান প্রশাসকের কাছে মানবিক আবেদন জানিয়েছেন।
চমা/ইই