ঈদুল ফিতরের নামাজ— নিয়ত, নিয়ম
ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব। এই নামাজে নির্দিষ্ট নিয়মে অতিরিক্ত ৬টি তাকবির বলা হয় এবং তা জামাতে আদায় করা হয়। নিয়ত করার পদ্ধতি, নামাজের ধাপ, কোন সুরা পড়া সুন্নত এবং কেরাত কীভাবে আদায় করতে হয়— এসব বিষয় জানা থাকলে ঈদের নামাজ আরও শুদ্ধ ও সুন্দরভাবে আদায় করা সম্ভব। যুগান্তরের পাঠকদের জন্য নিচে ঈদুল ফিতরের নামাজের নিয়ত, নিয়ম, কেরাত ও সংশ্লিষ্ট বিধান বিস্তারিতভাবে তুলে ধরা হলো—
ঈদুল ফিতরের নামাজের নিয়ত
মনের ইচ্ছাই মূলত নিয়ত। নামাজে দাঁড়ানোর সময় যখন মনে থাকে যে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করছি—এটাই নিয়ত। এর সঙ্গে মনে রাখতে হবে, এই নামাজ ওয়াজিব এবং এতে ৬টি তাকবির রয়েছে। তবে এভাবে নিয়ত করা যায়—
‘আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে ছয় তাকবিরের সঙ্গে আদায়ের নিয়ত করছি।’ এরপর ‘আল্লাহু আকবার’ বলে নামাজ শুরু করতে হবে।
যারা বিশুদ্ধভাবে আরবি বলতে পারেন, তারা আরবিতেও নিয়ত করতে পারেন। তবে আরবি নিয়ত করা বা মুখে উচ্চারণ করা আবশ্যক নয়।
ঈদের নামাজের নিয়ম
ঈদুল ফিতরের নামাজ ২ রাকাত। নিয়ত করে তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করে ছানা পড়তে হয়। এরপর ‘আল্লাহু আকবার’ বলে আরও তিনটি অতিরিক্ত তাকবির দিতে হয়। প্রথম দুই তাকবিরের সময় হাত কানের লতি পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবিরে হাত উঠিয়ে বেঁধে নিতে হবে। এরপর সুরা ফাতিহা ও অন্য একটি সুরা (কেরাত) মিলিয়ে রুকুতে গিয়ে প্রথম রাকাত সম্পন্ন করতে হবে।
২য রাকাতে দাঁড়িয়েসুরা ফাতিহা ও অন্য একটি সুরা (কেরাত) মিলানোর পর রুকুতে যাওয়ার আগে একইভাবে তিনটি তাকবির দিতে হবে। তবে এখানে তৃতীয় তাকবিরের সময় হাত না বেঁধে ছেড়ে দিতে হবে। এরপর চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে। তারপর অন্যান্য নামাজের মতোই নামাজ শেষ করতে হবে। (কিতাবুল আছল ১/৩১৯, আলহাবীল কুদসী ১/২৪৩)
চস/ইলিয়াস